নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- বাল্যবিবাহ রুখতে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের অভিনব উদ্যোগ, শুরু ১০০ দিনের সচেতনতা কর্মসূচি। শিক্ষিত মেয়ে, সুস্থ সমাজ, সমৃদ্ধ ভারত’ গড়ার লক্ষ্যে পুজো মণ্ডপে সচেতনতার বার্তা; ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্পকে সামনে রেখে জেলাজুড়ে প্রচার অভিযান।

বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূল করে শিশুদের সুরক্ষিত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। বাল্যবিবাহ প্রতিরোধে জেলাজুড়ে শুরু হয়েছে ১০০ দিনের বিশেষ সচেতনতা কর্মসূচি। চলতি বছরের ২১ অক্টোবর থেকে শুরু হওয়া এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষের পাশাপাশি স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে বাল্যবিবাহের কুফল, আইনি বিধান এবং শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্পের আওতায় ‘শিক্ষিত মেয়ে, সুস্থ সমাজ, সমৃদ্ধ ভারত’ গড়ার বার্তাকে সামনে রেখে উৎসবের মরসুমে দুর্গাপুজো ও কালীপুজোর মণ্ডপগুলিকে সচেতনতা প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বেছে নিয়েছে জেলা প্রশাসন। পূর্ব বর্ধমান জেলা সমাজকল্যাণ দপ্তরের উদ্যোগে জেলা চাইল্ড হেল্পলাইন টিমের প্রতিনিধিরা বিভিন্ন পুজো মণ্ডপে উপস্থিত হয়ে সাধারণ মানুষের মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামূলক প্রচার চালান।

জানা গিয়েছে, জেলার বর্ধমান-১, বর্ধমান-২, আউসগ্রাম -১, আউসগ্রাম -২, গুসকরা, খণ্ডঘোষ, গলসি, কেতুগ্রাম, কাটোয়া, কালনা ও মঙ্গলকোট-সহ বিভিন্ন এলাকায় এই প্রচার অভিযান পরিচালিত হয়। পুজো মণ্ডপে আগত দর্শনার্থী, অভিভাবক, যুবসমাজ এবং স্কুলপড়ুয়াদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে বাল্যবিবাহের সামাজিক, শারীরিক ও মানসিক কুফল সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে না দেওয়া, মেয়েদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা এবং শিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

শুধু প্রচার অভিযানই নয়, জেলার বিভিন্ন ক্লাবের উদ্যোগে আয়োজিত দুর্গাপুজো ও কালীপুজোর মণ্ডপ এবং বিভিন্ন থানার উদ্যোগে আয়োজিত কালীপুজো মণ্ডপেও ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্পের সচেতনতামূলক ব্যানার প্রদর্শন করা হয়। এর ফলে উৎসবের আনন্দের মধ্যেই সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে এক গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা।

জেলা প্রশাসনের এই উদ্যোগের মাধ্যমে উৎসবের মঞ্চকে সামাজিক সচেতনতা ও শিশু সুরক্ষার বার্তা প্রচারের কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্রশাসনের লক্ষ্য, শুধু বাল্যবিবাহ প্রতিরোধ করাই নয়, বরং প্রতিটি কন্যাশিশুর শিক্ষা, সুরক্ষা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এই সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত করা।

বাল্যবিবাহমুক্ত সমাজ গড়তে জেলা প্রশাসনের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি প্রশংসনীয় পদক্ষেপ। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষ, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলির সম্মিলিত সহযোগিতায় পূর্ব বর্ধমান জেলাকে বাল্যবিবাহমুক্ত করার লক্ষ্যে এই ১০০ দিনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।





















