নিজস্ব সংবাদদাতা, বর্ধমান :- ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিত সেনের তত্ত্বাবধানে এবং পূর্ব বর্ধমান সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো সপ্তম পূর্ব বর্ধমান সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৫। প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে পরিচালিত হয় এশিয়ান ক্যারাটে ফেডারেশনের বিচারক দেবাশীষ কুমার মণ্ডল-এর নেতৃত্বে। বিচারকের আসনে ছিলেন পাঁচজন জাতীয় বিচারক অমিত পোদ্দার, দেবনীল মণ্ডল, জনি রাম, নিবেদিতা দাস ও অয়ন কুণ্ডু, এবং আটজন সেইসিনকাই বিচারক। পূর্ব বর্ধমান সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রেনসি দেবাশীষ কুমার মণ্ডল জানান,জেলার চার মহকুমা থেকে মোট ৭৭ জন প্রতিযোগী কাতা, কুমিতে, টিম কাতা ও কোবুডো মিলিয়ে ২৪টি বিভাগে অংশগ্রহণ করে।

সংস্থার সভাপতি সেনসেই অমিত পোদ্দার বলেন,এই প্রতিযোগিতায় মেয়েদের অংশগ্রহণ ছেলেদের তুলনায় বেশি ছিল। পদক তালিকায় চ্যাম্পিয়ন হয়েছে বর্ধমান উত্তর এবং রানার্স হয়েছে কাটোয়া।” প্রতিযোগিতার প্রতিটি ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পদক ও প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি, বিগত বছরে রাজ্য, জোনাল ও জাতীয় স্তরে উজ্জ্বল পারফরম্যান্স করা খেলোয়াড়দের সংবর্ধনা জানানো হয়। সংস্থার জেনারেল সেক্রেটারি সেনসেই দেবনীল মণ্ডল জানান, ২০২৪–২৫ সালের সেরা জেলা সেইসিনকাই খেলোয়াড় নির্বাচিত হয়েছে আয়ুস পোদ্দার (পুরুষ কাতা ও কুমিতে), শ্রেয়সী ঘোষ (মহিলা কাতা) ও অয়নতিকা সাহা (মহিলা কুমিতে)।” রবিবারের প্রতিযোগিতা ঘিরে অরবিন্দ স্টেডিয়ামে ছিল দর্শকদের প্রবল উৎসাহ ও উদ্দীপনা। প্রতিযোগীদের পারফরম্যান্স, শৃঙ্খলা ও ক্রীড়াসুলভ মানসিকতা প্রশংসার দাবি রাখে বলে মন্তব্য করেছেন উপস্থিত অতিথিবৃন্দ ও আয়োজকরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানীয় অতিথি বনবিহারী যশ মহাশয় (সাধারণ সম্পাদক, বর্ধমান ডিস্ট্রিক্ট ভলিবল ও বাস্কেটবল অ্যাসোসিয়েশন), অরুণাভ কোনার মহাশয় (সাধারণ সম্পাদক, ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস, পূর্ব বর্ধমান) এবং ইন্দ্রনীল সোম মহাশয় (প্রধান শিক্ষক, বর্ধমান টাউন স্কুল, প্রাথমিক বিভাগ, প্রাতঃকালীন শাখা)। এই আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে পূর্ব বর্ধমান জেলায় ক্যারাটে খেলায় নতুন উদ্যম ও আগ্রহের সঞ্চার ঘটল বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা।























