নিজস্ব সংবাদদাতা, কাটোয়া:- উত্তরবঙ্গে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কাটোয়া শহরজুড়ে চলছে গণ সংগ্রহ অভিযান। গত ৭ই অক্টোবর থেকে শহরের বিভিন্ন প্রান্তে এই উদ্যোগে অংশ নিয়েছে শ্রমিক সংগঠনসহ একাধিক বামপন্থী গণ সংগঠন। শহরের ব্যস্ত বাজার এলাকা, বাসস্ট্যান্ড, রেলস্টেশন চত্বর ও বিভিন্ন পাড়ায় স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষও এই অভিযানে সামিল হচ্ছেন। কেউ নগদ অর্থ দান করছেন, কেউ বা চাল, ডাল, শুকনো খাবার, কাপড়, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দিচ্ছেন সংগ্রাহকদের হাতে।

স্থানীয় নেতৃত্ব জানিয়েছেন, সংগৃহীত অর্থ ও ত্রাণ সামগ্রী সংগঠনগুলির জেলা কমিটির মাধ্যমে উত্তরবঙ্গের বন্যা দুর্গত এলাকায় পাঠানো হচ্ছে। ইতিমধ্যেই প্রথম দফায় কিছু সহায়তা পৌঁছে গেছে, এবং আগামী সপ্তাহের মধ্যে আরও একটি পর্যায়ে ত্রাণ পাঠানোর পরিকল্পনা রয়েছে। সিপিআইএম নেতা প্রকাশ সরকার বলেন, মানুষ মানুষের জন্য এই বার্তা ছড়িয়ে দিতেই আমরা রাস্তায় নেমেছি। কাটোয়া শহরের সাধারণ মানুষ যেভাবে সাড়া দিচ্ছেন, তাতে আমাদের মনোবল আরও বাড়ছে। বামপন্থী শ্রমিক সংগঠনগুলির পাশাপাশি ছাত্র, যুব ও মহিলা সংগঠনগুলিও ত্রাণ সংগ্রহে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। শহরের বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরাও নিজস্ব উদ্যোগে অর্থ সংগ্রহ করে যুক্ত হচ্ছেন এই মানবিক প্রয়াসে। এক কথায়, রাজনৈতিক মতাদর্শের সীমা পেরিয়ে মানবিকতার বার্তা ছড়িয়ে পড়ছে কাটোয়া শহর জুড়ে।























