নিজস্ব সংবাদদাতা, কাটোয়া:- কাটোয়ার দীর্ঘদিনের রেললাইন ও লেভেল ক্রসিং সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে বহু বছর ধরে সরব সাধারণ মানুষ। বিভিন্ন সময়ে কংগ্রেস, সিপিআই(এম) ও তৃণমূল কংগ্রেসের নেতারা এলাকা পরিদর্শন করলেও, স্থানীয়দের অভিযোগ, বাস্তবে সমস্যার উল্লেখযোগ্য সমাধান হয়নি। সম্প্রতি কাটোয়ার বিধায়ক কৃষ্ণ ঘোষের পক্ষ থেকে রেল-সংক্রান্ত বিষয় নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে আবেদন জানানো হয়। রেলমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো একটি চিঠিতে জানানো হয়েছে, আবেদনটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

এই চিঠিকে ঘিরে কাটোয়ায় নতুন করে আশার সঞ্চার হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, রেললাইন-সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যার সমাধানে ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হলে শহরের যানজট কমবে এবং সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ হবে।

তবে এখনও পর্যন্ত প্রকল্পের আনুষ্ঠানিক অনুমোদন, কাজ শুরুর সময়সূচি বা বাস্তবায়নের বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিস্তারিত ঘোষণা হয়নি। ফলে কাটোয়াবাসীর মনে একটাই প্রশ্ন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই পরিকল্পনা কবে বাস্তবের রূপ নেবে? এখন নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। আশায় বুক বেঁধে অপেক্ষা করছেন কাটোয়ার মানুষ।






















