নিজস্ব সংবাদদাতা, কাটোয়া:- কাটোয়ার ঐতিহ্যবাহী কার্তিক লড়াই ও বর্ণাঢ্য শোভাযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তায় কোনওরকম ফাঁক রাখতে চাইছে না পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসন। বিপুল জনসমাগম সামাল দেওয়া থেকে শুরু করে শোভাযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করা, সবদিক মাথায় রেখে সাজানো হয়েছে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা। এবারের কার্তিক লড়াইয়ে শহরজুড়ে মোতায়েন থাকবেন প্রায় ১৫০০ পুলিশকর্মী। পাশাপাশি নজরদারির জন্য বসানো হয়েছে ১০৯টি সিসিটিভি ক্যামেরা। গোটা শহরের পরিস্থিতির উপর নজর রাখতে খোলা হচ্ছে তিনটি বিশেষ কন্ট্রোল রুম।

মঙ্গলবার দুপুরে কাটোয়ার সংহতি মঞ্চে পুলিশ সুপারের ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই নিরাপত্তা সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল পুলিশ সুপার জি অরবিন্দ, কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি, কাটোয়া থানার আইসি সঞ্চায়ন ব্যানার্জি, কাটোয়া থানার অন্যান্য পুলিশ আধিকারিক, বাইরে থেকে আগত পুলিশ অফিসার এবং সিভিক ভলান্টিয়াররা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা পুলিশ সুপার পুষ্পা পুলিশ আধিকারিকদের একাধিক নির্দেশ দেন।

বৈঠকে প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয় কাটোয়া কার্তিক লড়াইয়ের শোভাযাত্রা পরিক্রমার বিস্তারিত রুট ম্যাপ। শহরের কোন কোন রাস্তা দিয়ে প্রতিমার শোভাযাত্রা যাবে, কোথায় থাকবে পুলিশ সহায়তা কেন্দ্র, অ্যাম্বুলেন্স, দমকল এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা, তা মানচিত্রের সাহায্যে বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে গোটা শোভাযাত্রার পথকে কয়েকটি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্ব নির্দিষ্ট উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। ফলে কোনও এলাকায় সমস্যা দেখা দিলে দ্রুত পদক্ষেপ করা সম্ভব হবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এবারের কার্তিক লড়াইয়ে শহরের গুরুত্বপূর্ণ মোড় এবং শোভাযাত্রার রুটে প্রায় ১৫০০ পুলিশকর্মী মোতায়েন থাকবেন। সাধারণ পুলিশের পাশাপাশি বিশেষ পুলিশ বাহিনীও নিরাপত্তার দায়িত্বে থাকবে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও জনসমাগমপূর্ণ এলাকায় মোট ১০৯টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। সংহতি মঞ্চের সামনে থেকে সিসিটিভি ফুটেজের মাধ্যমে সরাসরি পরিস্থিতির উপর নজরদারি চালানো হবে। পাশাপাশি তিনটি কন্ট্রোল রুম থেকে গোটা শহরের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে।

শুধু পুলিশি নজরদারি নয়, জরুরি পরিষেবার দিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রশাসন। যানজট এড়াতে নির্দিষ্ট এলাকায় নো এন্ট্রি ব্যবস্থা কার্যকর করা হবে। কোনও দুর্ঘটনা বা আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় শোভাযাত্রার পথে প্রস্তুত রাখা হবে অ্যাম্বুলেন্স, দমকল এবং মেডিকেল টিম।

কাটোয়ার শতাব্দীপ্রাচীন কার্তিক লড়াই দেখতে প্রতি বছরই শহরে ভিড় জমান দূরদূরান্তের অসংখ্য মানুষ। প্রতিমা দর্শন ও বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কয়েকদিন ধরে উৎসবের আবহে মেতে ওঠে গোটা শহর। সেই বিপুল জনসমাগমের কথা মাথায় রেখেই এবার আগাম প্রস্তুতিতে বিশেষ জোর দিয়েছে পুলিশ প্রশাসন। দর্শনার্থী, পুজো উদ্যোক্তা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণভাবে কার্তিক লড়াই সম্পন্ন করাই এখন জেলা পুলিশের প্রধান লক্ষ্য।





















