নিজস্ব সংবাদদাতা, কাটোয়া:- একটি গলদা চিংড়ির ওজনই ৪০০ গ্রামের বেশি! গঙ্গার জলে ধরা পড়া এমন বিশাল মাপের টাটকা গলদা চিংড়ি রবিবার সকালে উঠল কাটোয়ার বাজারে। ডিজিটাল ওজন যন্ত্রে মাপতেই দেখা গেল, একটি চিংড়ির ওজন ৪০২ গ্রাম! আর এই চোখধাঁধানো সাইজের চিংড়ি বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৬০০ টাকা দরে। বাজারে এত বড় মাপের গলদা চিংড়ি আসতেই মাছপ্রেমীদের মধ্যে রীতিমতো উৎসাহ তৈরি হয়েছে।

স্থানীয় বাজার সূত্রে জানা গিয়েছে, কাটোয়ার মাছের পাইকারি আড়তদার ধীরেন হালদারের আড়ত থেকে এই গলদা চিংড়ি সংগ্রহ করেন খুচরো মাছ বিক্রেতা নেপাল থান্ডার। এরপর রবিবার সকালে কাটোয়ার বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন তিনি। চিংড়ির আকার দেখে প্রথমে অনেকেই অবাক হয়ে যান। পরে ডিজিটাল ওজন যন্ত্রে মাপার পর ৪০২ গ্রামের ওজন সামনে আসতেই ক্রেতাদের কৌতূহল আরও বেড়ে যায়।

সাধারণত বাজারে ছোট ও মাঝারি মাপের গলদা চিংড়ি দেখা গেলেও একেকটি চিংড়ির ওজন ৪০০ গ্রামের বেশি হওয়া বেশ বিরল। তার উপর নদীর টাটকা মাছ। ফলে চিংড়ি দেখতে যেমন ভিড় জমিয়েছেন ক্রেতারা, তেমনই অনেকেই দরদাম করে কিনতেও আগ্রহ দেখিয়েছেন।

কেজি প্রতি ১৬০০ টাকা দাম শুনে কারও চোখ কপালে উঠলেও, বড় মাপের গলদা চিংড়ির প্রতি মাছপ্রেমীদের আকর্ষণ কিন্তু কমেনি। রবিবার ছুটির সকালে কাটোয়ার মাছ বাজারে এই বিশাল গলদা চিংড়ি হয়ে উঠেছে অন্যতম আকর্ষণ। গঙ্গার টাটকা মাছ, একেকটির ওজন ৪০০ গ্রামেরও বেশি, আর বাজারদর কেজিতে ১৬০০ টাকা! কাটোয়ার বাজারে এই গলদা চিংড়ি যেন রবিবারের মাছ বাজারে একেবারে রাজকীয় চমক।





















