নিজস্ব সংবাদদাতা,কাটোয়া:- সি আই টি ইউ কাটোয়া শহর আঞ্চলিক সমন্বয় কমিটির তৃতীয় সম্মেলন উপলক্ষে আজ দাঁইহাট শহরের আট নম্বর ওয়ার্ডের বেড়া (লেক গার্ডেন) এলাকা থেকে স্টেশন বাজার চৌরাস্তা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ “সম্প্রীতির দৌড়” অনুষ্ঠিত হয়। সকাল থেকেই শহর জুড়ে ছিল উৎসবের আমেজ ও অংশগ্রহণকারীদের মধ্যে প্রবল উচ্ছ্বাস। এই দৌড় প্রতিযোগিতায় কাটোয়া, দাঁইহাট ও পানুহাট অঞ্চল থেকে মোট ৮৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন, যার মধ্যে ২৭ জন ছিলেন মহিলা প্রতিযোগী।

অংশগ্রহণকারীদের উৎসাহ, শৃঙ্খলা ও সম্প্রীতির চিত্র চোখে পড়ার মতো ছিল। দৌড়ের সূচনা করেন প্রখ্যাত ক্রীড়াবিদ ক্রীড়াবিদ তথা প্রাক্তন শিক্ষক অজয় মণ্ডল, যিনি শুভেচ্ছা বক্তব্যে সম্প্রীতি ও ঐক্যের মূল্যবোধ তুলে ধরেন। উপস্থিত ছিলেন সি আই টি ইউ-এর নেতৃত্ববৃন্দ ও স্থানীয় বিশিষ্টজনেরা। প্রতিযোগিতা শেষে পুরুষ ও মহিলা দুই বিভাগেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের সম্মেলনের মূল মঞ্চে পুরস্কৃত করা হবে বলে জানানো হয়েছে। বাকি অংশগ্রহণকারীদের মেডেল সম্মাননা দিয়ে অভিনন্দিত করা হয়েছে, যা অনুষ্ঠানের আনন্দ আরও বৃদ্ধি করে। দৌড়ের মাধ্যমে সমাজে সম্প্রীতি, ঐক্য ও শারীরিক সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। উৎসাহ-উদ্দীপনা ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারীদের পাশাপাশি স্থানীয় নাগরিকদের মধ্যেও আনন্দের জোয়ার বইছে।























