নিজস্ব সংবাদদাতা, কালনা:- কালনার ডাঙ্গাপাড়া এলাকায় অবস্থিত সদানন্দ কালি বাড়িতে আজও হিন্দু-মুসলিম একত্রিতভাবে পালিত হয় কালীপুজো। এ বছর এই পূজো ১৩৮ বছরে পদার্পণ করেছে। স্বামী সদানন্দ গিরি পঞ্চমুন্ডি আসনে দেবীকে প্রতিষ্ঠা করে এই পূজোর সূচনা করেছিলেন। তন্ত্র মতে মায়ের পুজো হলেও এখানে পুজোয় পশু বলির প্রচলন নেই তবে তার জায়গায় চাল কুমড়ো ও আঁখ বলি দেওয়া হয়।

বর্তমান পুরোহিত ও মন্দির কমিটির সেক্রেটারি স্বামী নিত্যানন্দ গিরি জানান, “মায়ের কাছে কোনও ধর্মবিদ্বেষ নেই, সকলেই মায়ের সন্তান।” তাই এখানকার পুজোয় মুসলিম সম্প্রদায়ের মানুষরাও সক্রিয়ভাবে অংশ নেন। ফুল ও ফল আনা, মন্দির পরিষ্কার করা থেকে শুরু করে পুজোর আরও অন্যান্য কাজও হিন্দুদের সাথে হাতে হাত মিলিয়ে করেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন। দীপান্বিতা অমাবস্যার রাতে প্রধান পূজো হয়, যেখানে দেবীর উদ্দেশে পঞ্চব্যঞ্জন, পায়েস-মিষ্টি ও নানা প্রকার মাছের ভোগ নিবেদন করা হয়। পূজো ঘিরে মন্দির প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে মেতে ওঠে স্থানীয় মানুষ।























