নিজস্ব সংবাদদাতা, কাটোয়া:- নিপা ভাইরাস কাণ্ডে এবার কাটোয়া মহকুমা হাসপাতালে এল পুনের আইসিএমআর-এর তিন সদস্যের প্রতিনিধি দল। তাঁদের সঙ্গে ছিলেন রাজ্য ও জেলা স্বাস্থ্য দপ্তরের তিন প্রতিনিধি। বুধবার বিকেল নাগাদ প্রতিনিধিদল কাটোয়া মহকুমা হাসপাতালের মহিলা ওয়ার্ড ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট চিকিৎসা নথি খতিয়ে দেখেন। জানা গিয়েছে, নিপা ভাইরাসে আক্রান্ত ওই নার্স প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

সেই সময় তাঁর চিকিৎসায় কারা যুক্ত ছিলেন, কী কী ওষুধ প্রয়োগ করা হয়েছিল এবং কীভাবে সংক্রমণ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়েছিল—সে সব তথ্য সংগ্রহ করেন আইসিএমআর-এর প্রতিনিধিরা। হাসপাতালের নার্স, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও তাঁরা কথা বলেন।

এছাড়াও, আক্রান্ত নার্সের সংস্পর্শে আসা কতজনকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ১০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। প্রত্যেকেরই সোয়াব সংগ্রহ করার পরামর্শ দিয়েছেন আইসিএমআর-এর প্রতিনিধিরা। পরিদর্শন শেষে হাসপাতাল সুপারের সঙ্গে একটি বৈঠক করেন প্রতিনিধি দলের সদস্যরা। সংক্রমণ রোধে হাসপাতালের বর্তমান ব্যবস্থা ও ভবিষ্যৎ সতর্কতামূলক পদক্ষেপ নিয়েও আলোচনা হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে।























