নিজস্ব সংবাদদাতা, কাটোয়া:- কাটোয়ার শাখায় গঙ্গার ঘাটে জেলে শিবু বর্মনের জালে ধরা পড়ল প্রায় ৪০ কেজি ওজনের বিশাল গ্রাস কার্প মাছ। এমন আকারের মাছ বহুদিন পর ধরা পড়ায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় স্থানীয় মহলে। মাছটি কাটোয়া বাজারে নব কুমার ঘোষের মৎস্য আড়তে কেজি প্রতি ২৪০ টাকা দরে পাইকারি বিক্রি হয়। পরে খুচরো মাছ বিক্রেতা রাজা দাস মাছটি কিনে বাজারেই কেটে বিক্রি শুরু করেন কেজি প্রতি ৫০০ টাকা দরে।

মাছ কাটার সময় ডিমে ভর্তি মাছ দেখতে কৌতূহলী মানুষের ভিড় জমে যায় বাজারে। অনেকে শুধু দেখতেই ভিড় করেন, আবার কেউ কেউ মুঠোফোন বন্দী করে মাছের ছবি আবার অনেকেই দাঁড়িয়ে এই বিরল বড় মাছের স্বাদ নেওয়ার অপেক্ষায় থাকেন। কপি মাঠের মাছ ব্যবসায়ী বাবলু দোলুই জানান,এত বড় গ্রাস কার্প বহুদিন কাটোয়ার গঙ্গায় ধরা পড়েনি।

জেলে ঠিকঠাক দামই পেয়েছে। তিনি আরও বলেন, সাধারণত গঙ্গায় ১০-১২ কেজির রুই, কাতলা,আর বেশি ধরা পড়ে, তাই এই মাছটি আলাদা আকর্ষণ তৈরি করেছে। ক্রেতাদের প্রতিক্রিয়াতেও ছিল ভিন্নতা। রাজা ঘোষ, মিলন চ্যাটার্জি ও সত্যজিৎ রায়ের মতো অনেকেই মনে করেন, এত বড় মাছের জন্য ৫০০ টাকা কেজি দামটা যথাযথ। তবে শনিবার হওয়ায় অনেকে কিনতে না পেরে আক্ষেপও প্রকাশ করেন। অন্যদিকে রণদেব ঘোষ, অসিত দাস, সঞ্জয় দাস, কৌশিক ব্যানার্জি ও দেবরাজ ঘোষের মতো ক্রেতারা সুযোগ হাতছাড়া করেননি। তাঁদের কথায়, দিন যাই হোক, এমন মাছ রোজ মেলে না। কিনে রেখে দিলাম রবিবার জমিয়ে খাওয়া যাবে। সব মিলিয়ে, কাটোয়া বাজারে এই বিশাল গ্রাস কার্প মাছ ঘিরে একপ্রকার উৎসবের আবহ তৈরি হয়, যা অনেকদিন মনে রাখার মতো অভিজ্ঞতা হয়ে থাকল স্থানীয়দের কাছে।






















