নিজস্ব সংবাদদাতা, কাটোয়া:- রবিবার দুপুর তিনটা থেকে কাটোয়া আর্য ব্যায়াম সমিতির প্রাঙ্গণে অনুষ্ঠিত হল সি.আই.টি.ইউ কাটোয়া শহর আঞ্চলিক সমন্বয় কমিটির তৃতীয় সম্মেলন উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য শিশুদের বসে আঁকো উৎসব। রঙ,তুলির টানে ও শিশুমনের কল্পনায় মুখর হয়ে উঠল সমিতির সমগ্র প্রাঙ্গণ। এই অনুষ্ঠানে মোট ১৮২ জন শিশু অংশগ্রহণ করে তাদের প্রতিভা ও কল্পনাশক্তির অসাধারণ প্রকাশ ঘটায়। প্রায় দেড় শতাধিক অভিভাবক উপস্থিত থেকে শিশুদের উৎসাহ দেন এবং অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

সকাল থেকেই প্রতিযোগিতা ঘিরে কাটোয়া শহরে উৎসবের আমেজ দেখা যায়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের বয়স অনুযায়ী বিভিন্ন দলে ভাগ করা হয়। কেউ আঁকেছে প্রকৃতির সৌন্দর্য, কেউবা স্বাধীনতা সংগ্রামের চিত্র, আবার কেউ তুলে ধরেছে পরিবেশ রক্ষার বার্তা। রঙের মাধ্যমে শিশুরা প্রকাশ করেছে তাদের অনুভব, চিন্তা ও ভবিষ্যতের স্বপ্ন। সমগ্র অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করতে বিশেষ ভূমিকা নেন শিক্ষক এমদাদুল হক, তুহিন ব্যানার্জি, অজয় মণ্ডল, ও কৌশিক দে প্রমুখ। তাঁদের আন্তরিক পরিশ্রম ও সমন্বয়ে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এই বসে আঁকো উৎসব শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং এটি শিশুদের সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ ও শিল্পবোধ বিকাশের এক অনন্য মঞ্চ। অংশগ্রহণকারীদের মধ্যে আগ্রহ ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অভিভাবক ও অতিথিদের মতে, এই ধরনের উদ্যোগ শিশুদের মনন ও ভাবনাশক্তিকে আরও সমৃদ্ধ করে তোলে। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা শিশুদের চিত্রকর্ম ঘুরে দেখেন ও তাঁদের উৎসাহিত করেন। কাটোয়া শহরে এই বসে আঁকো উৎসব নতুন প্রজন্মের শিল্পমনন বিকাশে নিঃসন্দেহে একটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে সবার অভিমত।























