নিজস্ব সংবাদদাতা, কাটোয়া:- বিদ্যুৎ থেকে ঘটে যাওয়া নানান দুর্ঘটনা ও প্রাণহানি রোধে বিশেষ উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি লিমিটেড (WBSEDCL)। শুক্রবার কাটোয়া ডিভিশনাল ম্যানেজারের কার্যালয়ের সভাকক্ষে WBSEDCL–এর বর্ধমান জোনের উদ্যোগে কাটোয়া ডিভিশনের সহযোগিতায় কাটোয়া ডিভিশনের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত হলো একটি সচেতনতামূলক শিবির।

এলাকার সাধারণ মানুষের বিদ্যুৎ সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করাই ছিল এই শিবিরের মূল উদ্দেশ্য। বিদ্যুৎ দপ্তরের শত প্রচেষ্টা সত্ত্বেও নিত্যদিনের অসাবধানতাজনিত ছোটো ছোটো ভুলের কারণে ঘটে যায় নানা দুর্ঘটনা। অনেক সময় সুরক্ষা বিধি না মেনে নিজেরাই বৈদ্যুতিক লাইনের কাজ করতে গিয়ে ঘটে প্রাণহানির ঘটনাও। এইসব বিপর্যয় রুখতেই বিদ্যুৎ দপ্তর এদিনের বিশেষ কর্মসূচি গ্রহণ করে।

প্রায় ৮০ জন স্থানীয় মানুষকে নিয়ে অনুষ্ঠিত এই শিবিরে বিদ্যুৎ সুরক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ইলেকট্রিক তারের গায়ে ঝুঁকে পড়া ডালপালা বা গাছ না কেটে রাখা, বিদ্যুতের খুঁটির ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয় সাপোর্ট সরিয়ে ফেলা, বিদ্যুতের তারের কাছাকাছি বাড়িঘর বা অন্য নির্মাণকাজ করা ইত্যাদি বিপজ্জনক ভুলের পরিণতি।

পাশাপাশি দুর্ঘটনা এড়াতে করণীয় এবং জরুরি পরিস্থিতিতে কীভাবে ব্যবস্থা নিতে হবে, সে বিষয়েও অংশগ্রহণকারীদের মৌখিক ব্যাখ্যা ও স্ক্রিনে ভিজ্যুয়াল প্রদর্শনের মাধ্যমে বিস্তারিত বোঝানো হয়। শিবিরে উপস্থিত ছিলেন সন্দীপ কুমার গুহ, অ্যাডিশন্যাল চিফ ইঞ্জিনিয়ার, বিদ্যুৎ ভবন; কৃষ্ণ কুমার মিশ্র, প্রোজেক্ট ম্যানেজার, পূর্ব বর্ধমান আরই প্রজেক্ট; সন্দীপ মাঝি, সিনিয়র ম্যানেজার, বর্ধমান জোন; অতনু চন্দা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কাটোয়া ডিভিশন; প্রবাল রায়, স্টেশন ম্যানেজার, কাটোয়া; অভিষেক বিশ্বাস, স্টেশন ম্যানেজার, দাঁইহাট; দেবজিৎ চক্রবর্তী, স্টেশন ম্যানেজার, কাঁন্দরা; সুমন্ত দে, স্টেশন ম্যানেজার, নতুনহাট; এবং চন্দ্রশেখর, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, কাটোয়া ডিভিশন। দুর্ঘটনা ও প্রাণহানি রুখতে WBSEDCL ভবিষ্যতেও এ ধরনের আরও সচেতনতা কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান কর্তৃপক্ষ।























