নিজস্ব সংবাদদাতা কাটোয়া:- করুই গ্রামে বাগদি সম্প্রদায়ের উন্নয়নে নতুন কমিউনিটি সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন। প্রান্তিক এলাকার সর্বাঙ্গীণ উন্নয়নে রাজ্য সরকারের উদ্যোগের অংশ হিসেবে কাটোয়া ২ নম্বর ব্লকের করুই গ্রামে বাগদি সম্প্রদায়ের জন্য নির্মিত হতে চলা আধুনিক কমিউনিটি সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভবনের নকশা উন্মোচন করলেন বিডিও সঞ্জয় প্রধান। প্রায় ৭ লক্ষ ৫২ হাজার ৯৬৩ টাকা ব্যয়ে নির্মিত হবে এই বহুমুখী কমিউনিটি সেন্টার। বৃহস্পতিবার দুপুরে বাগদি সাংস্কৃতিক বোর্ডের অধীনে নির্মীয়মাণ কমিউনিটি হলের লেআউট উন্মোচন করে বিডিও সঞ্জয় প্রধান বলেন, এই প্রকল্প সম্পূর্ণ হলে স্থানীয় আর্থসামাজিক অবকাঠামো আরও সুদৃঢ় হবে। পাশাপাশি বাগদি সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের বিকাশে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তিনি আরও জানান, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই কেন্দ্র সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন সাধনে সহায়ক হবে। রাজ্য সরকার বাগদি সম্প্রদায়ের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এই প্রকল্প তারই একটি বাস্তব উদাহরণ।

ব্লক প্রশাসন আশা করছে, নতুন কমিউনিটি সেন্টার চালু হলে স্থানীয় বাসিন্দাদের সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং এলাকায় ইতিবাচক পরিবর্তন আসবে।























