স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে আক্রোশে বর্তমান স্বামীর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের সমুদ্রগড় এলাকার হাটসিমলায়। গুরুতর জখম অবস্থায় আহত যুবক সোমনাথ দাস বর্তমানে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ, অভিযুক্ত মহাদেব সরকার অতর্কিতে পিছন দিক থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে সোমনাথ দাসের গলায় কোপ মারে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সোমনাথ। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করে। এদিন শুক্রবার হাসপাতাল থেকে আহত সোমনাথ দাস জানান, তাঁর স্ত্রী প্রাক্তন স্বামী মহাদেব সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে চার মাস আগে তাঁকে ছেড়ে তাঁর কাছে চলে আসে। পরে তাঁরা মন্দিরে গিয়ে বিয়ে করেন। এরপর থেকেই অভিযুক্ত মহাদেব সরকার তাঁর স্ত্রীর উপর একাধিকবার হুমকি ও শারীরিক নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ। এমনকি কিছুদিন আগেও মারধর করা হয় বলে জানান তিনি।
হামলার দিন রাতে নবদ্বীপের প্রাচীন মায়াপুরে বাড়ি ফেরার উদ্দেশ্যে হাটসিমলায় দাঁড়িয়ে ছিলেন তাঁরা। সেই সময় আচমকাই পিছন থেকে এসে হামলা চালায় অভিযুক্ত। ঘটনার পর নাদনঘাট থানার পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত মহাদেব সরকারকে গ্রেপ্তার করে। শুক্রবার তাকে কালনা মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।























