নিজস্ব সংবাদদাতা, মঙ্গলকোট:- আলোক ও আনন্দের উৎসব দীপাবলি যখন আমাদের চারপাশকে রঙিন আলো ও শব্দে ভরিয়ে তোলে, তখন সেই আনন্দের মাঝেই এক মানুষ নিজের আলোর দিশা খুঁজে পান অন্য প্রাণের মাঝে। তিনি আমাদের সবার প্রিয় পশুপ্রেমী আমির শেখ এক সাধারণ গ্রাম্য যুবক, কিন্তু তাঁর মানবতা ও মমতার গল্প অসাধারণ। আজকের এই ব্যস্ত, ডিজিটাল যুগে যেখানে অধিকাংশ মানুষ সোশ্যাল মিডিয়ার রিলস ও স্টোরিতে মগ্ন, সেখানে আমির শেখ ব্যস্ত থাকেন পথের নিরীহ পশু-পাখিদের পাশে দাঁড়াতে। স্বামী বিবেকানন্দের অমর বাণী “জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর”এই কথার এক জীবন্ত উদাহরণ তিনি। গরিব পরিবারের সন্তান হলেও তাঁর মন সমুদ্রের মতো বিশাল। আহত বা অসহায় কোনো পথকুকুর, বিড়াল কিংবা অন্য প্রাণী দেখলে তিনি ছুটে যান সাহায্য করতে। নিজের সাধ্য মতো সেবা ও চিকিৎসার ব্যবস্থা করেন। এই দীপাবলিতেও যখন চারদিক আলো ও আতশবাজির ঝলকে মুখর, তখন আমির শেখ ছুটছেন গ্রাম থেকে গ্রাম একটাই বার্তা নিয়ে “শব্দবাজি নয়, ভালোবাসা ছড়াও প্রাণ বাঁচাও”। তিনি মানুষকে বোঝাচ্ছেন, শব্দবাজির তীব্র শব্দে কুকুর, বিড়াল, পাখিদের কতটা কষ্ট হয়। বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য এই সময়টা কতটা যন্ত্রণাদায়ক হতে পারে, সেই কথাও তিনি জানাচ্ছেন সাধারণ মানুষকে। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকে সম্প্রতি তাঁকে দেখা গেল অবলা প্রাণীদের সুরক্ষার বার্তা নিয়ে প্রচার চালাতে।

গ্রামের মানুষ তাঁর উদ্যোগে মুগ্ধ, অনেকেই প্রতিশ্রুতি দিয়েছেন শব্দবাজি কমিয়ে শান্তিপূর্ণভাবে দীপাবলি পালন করবেন। আমির শেখ বলেন,প্রাণীরা আমাদের মতোই এই পৃথিবীর বাসিন্দা। তাদের কষ্ট দিলে উৎসবের আলোও মলিন হয়ে যায়। এই দীপাবলিতে আলো শুধু প্রদীপে নয়, হৃদয়েও জ্বলুক এমনই এক মানবিক বার্তা দিয়ে সকলের মনে আলো ছড়িয়ে দিচ্ছেন পশুপ্রেমী আমির শেখ।























