নিজস্ব সংবাদদাতা, পূর্বস্থলী:- বিয়ের মাত্র পাঁচ দিনের মাথায় শ্বশুরবাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্বস্থলী থানার নিমদহ পঞ্চায়েত এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বস্থলী থানার নিমদহ পঞ্চায়েতের উখরা এলাকার বাসিন্দা সেলিম শেখের সঙ্গে পিলা পঞ্চায়েতের খানপুর গ্রামের এক তরুণীর বিয়ে হয় চলতি মাসের ২১ তারিখ। বিয়ের পর রীতিমতো অনুষ্ঠান মেনে ২৫ তারিখ অষ্টমঙ্গলা উপলক্ষে শ্বশুরবাড়িতে যান তিনি।

পরিবারের দাবি, ২৬ তারিখ সেলিম তাঁর শ্যালক এবং শ্যালকের এক বন্ধুকে সঙ্গে নিয়ে গড়াগাছা মোড়ে মিষ্টি কিনতে যান। এরপর থেকেই তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। ওই যুবকের পরিবার ও স্ত্রীর বাড়ির লোকজন চারদিকে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। নিখোঁজ যুবকের পরিবারের অভিযোগ, এই ঘটনায় শ্যালকের বন্ধুর ভূমিকা নিয়ে সন্দেহ রয়েছে। তাঁদের ধারণা, সেলিমকে কেউ ফোন করে ডেকে নিয়ে যেতে পারে। যদিও এই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।

পরিবারের পক্ষ থেকে পূর্বস্থলী থানায় আগেই একটি মিসিং ডায়েরি করা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার নিখোঁজ যুবকের পরিবার-পরিজন ও বহু গ্রামবাসী থানায় গিয়ে পুলিশের কাছে দ্রুত তদন্তের দাবি জানান। পুলিশ সূত্রে জানা যায়, একটি সিসিটিভি ফুটেজ পরিবারকে দেখানো হয়েছে, যেখানে দেখা যাচ্ছে সেলিম শেখ একাই হেঁটে যাচ্ছেন। তবে তারপর তিনি কোথায় গিয়েছেন, কারও সঙ্গে দেখা করেছেন কি না তা এখনও স্পষ্ট নয়। ঘটনাকে ঘিরে এলাকায় উদ্বেগ বাড়ছে। পরিবারের তরফে পুলিশের কাছে সঠিক ও নিরপেক্ষ তদন্তের আবেদন জানানো হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে সূত্রের খবর।






















