নিজস্ব সংবাদদাতা, কালনা :- মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল এক তরুণ। গুরুতর জখম অবস্থায় আশঙ্কাজনক দু’জন যুবক বর্তমানে চিকিৎসাধীন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পূর্ব বর্ধমানের কালনা মহকুমার নন্দগ্রাম এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম জিৎ দেবনাথ ওরফে সায়ন (২১)। তাঁর বাড়ি কালনার নন্দগ্রামে। গতকাল বিকেলে জিৎ তার দুই বন্ধু কার্তিক দাস ও সন্দীপ দাস-কে নিয়ে একটি মোটরবাইকে চেপে দেবীপুরের দিকে যাচ্ছিল। পথে হৃদয়পুরের কাছাকাছি এলাকায় বাইকটির নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তার ধারে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত তিনজনকেই উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যান। গতকাল বিকেলে কালনা হাসপাতালেই মৃত্যু হয় জিৎ দেবনাথের।

অপর দুই যুবককে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কালনা হাসপাতালে ভর্তি রাখা হলেও পরবর্তীতে তাঁদের একজনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ও অপরজনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। মৃত জিৎ দেবনাথের অকালপ্রয়াণে নন্দগ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ।























